নির্বাচনের পরবর্তী সময় বিএনপির নেতাকর্মীদের একতরফা সহিংসতা রোধে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য এবং জামায়াত ইসলামের পাবনা জেলা শাখার আমির অধ্যাপক আবু তালেব মন্ডল আজ (১৫ ফেব্রুয়ারি, রবিবার) সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেছেন।
সকালে ঈশ্বরদী পৌর শহরের ইস্তা ফেলুপাড়া এলাকার নিজ বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমপি তালেব মন্ডল জানান, নির্বাচনের পর থেকে ঈশ্বরদী-আটঘরিয়া ও পাবনা জেলার বিভিন্ন এলাকায় জামায়াত ইসলামসহ ১১ দলের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের দ্বারা হামলা, মারপিট, ভাংচুর, লুটপাট ও গুলিবর্ষণের শিকার হচ্ছেন।
তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে বিরোধী পক্ষের নেতাকর্মীদের উপর হামলা, মামলা, নির্যাতন, হত্যা, গুম, বাড়ি-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, অগ্নিসংযোগ এবং রাজনৈতিক দলের কার্যালয় গুড়িয়ে দেওয়ার মতো অপরাধের কারণে দেশের ছাত্র-জনতার আন্দোলন শুরু হয়েছিল। সেই আন্দোলনের প্রভাবে ২০২৪ সালের ৪ আগস্ট শাসক সরকারের পতন ঘটে। এরপর দেশের সকল রাজনৈতিক দল প্রতিজ্ঞা করে যে আর কখনও এমন অপরাধ ঘটতে দেওয়া হবে না। কিন্তু নির্বাচনের পর বিএনপি সেই অঙ্গীকার ভুলে পুরনো কর্মকাণ্ডে ফিরে গেছে।
তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে বিএনপির পরাজিত প্রার্থীর লোকজন জামায়াতের নেতাকর্মীদের উপর হামলা, গুলিবর্ষণ, মারপিট, বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট এবং নারীদের ওপর শ্লীলতাহানি শুরু করেছে। এটি এক চরম নিন্দনীয় ও গর্হিত কাজ। এ সব ঘটনা বন্ধে তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এমপি তালেব মন্ডল আরও জানান, ‘এ ধরনের ঘটনার বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হলেও প্রশাসনের পক্ষ থেকে উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়নি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পাবনা জেলা তারিমুল কোরআন শিক্ষার সেক্রেটারি গোলাম রব্বানি খান যোবায়ের, পাবনা জেলা জামায়াত ইসলামের নায়েবী আমির জহুরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আব্দুল গাফফার খান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি আমিরুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ড. নুরুজ্জামান প্রামানিক, সেক্রেটারি জেনারেল সাইদুল ইসলামসহ অন্যান্য পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে এমপি আবু তালেব মন্ডল পাবনা জেলা জামায়াতের সাবেক আমির প্রয়াত নাসির উদ্দিন ও দলটির সাবেক আমির মতিউর রহমান নিজামীর কবর জিয়ারত করেন এবং নিজের নির্বাচনী ব্যানার উন্মোচন করে উন্নয়নমূলক কাজের সূচনা করেন।
-পতাকানিউজ/এসএমএইচ

