লক্ষ্মীপুরে এক বিএনপি নেতার বসতঘরের দরজায় তালা লাগিয়ে চারপাশে পেট্টোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে এক সাত বছর বয়সী শিশু দগ্ধ হয়ে মারা গেছে এবং আহত হয়েছেন তিনজন।
শুক্রবার, ২০ ডিসেম্বর গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সূতারগোপ্তা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আয়েশা আক্তার একই গ্রামের বেলাল হোসেনের মেয়ে। বেলাল ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সুতার গোপ্তা বাজারে সার ও কীটনাশকের ব্যবসায়ী।
বিএনপি নেতা বেলালসহ আগুনে দগ্ধ হয়েছে তার দুই মেয়ে বিথি আক্তার ও স্মৃতি আক্তার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বেলাল তার স্ত্রী-সন্তান নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এসময় বাইরে থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে চারপাশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
মূহুর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় ঘুমন্ত শিশু আয়েশা দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। অগ্নিদগ্ধ হন বেলাল হোসেন ও তার অপর দুই মেয়ে। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বিথী ও স্মৃতির অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়। দুজনের শরীরের অধিকাংশই পুড়ে গেছে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তার আগেই বাড়ি পুড়ে যায়। এসময় এক শিশু নিহত ও দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মো. ওয়াহিদ পারভেজ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পতাকানিউজ/আরবি

