জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে যাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) অস্থিরতা তৈরি হয়েছে। এই সিদ্ধান্তের বিরোধিতা করে দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা পদত্যাগের ঘোষণা দেওয়ার পরপরই ফেসবুকে রহস্যজনক স্ট্যাটাস দিয়েছেন দলের আরও কয়েকজন শীর্ষ নারী নেত্রী।
শনিবার, ২৭ ডিসেম্বর সন্ধ্যার পর ঢাকা-৯ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়া তাসনিম জারা এনসিপি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন এবং আগে ফান্ডরেইজিংয়ের মাধ্যমে সংগৃহীত অর্থ ফেরত দেবেন।
তার পদত্যাগের খবর ছড়িয়ে পড়তেই দলটির অভ্যন্তরে নড়াচড়া শুরু হয়। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ফেসবুকে লেখেন, ‘আমরা লড়াই ছাড়বো না। আল্লাহ সহায়।’ তবে তিনি কী নিয়ে এই ‘লড়াই’, সে বিষয়ে স্পষ্ট করেননি।
একই সময়ে দলটির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাস্সুম একটি পোস্টে লেখেন, ‘নীতির চাইতে রাজনীতি বড় না। কমিটমেন্ট ইজ কমিটমেন্ট।’
দলীয় সূত্র জানায়, জামায়াতের সঙ্গে জোট না করার দাবিতে নুসরাত তাবাস্সুমসহ প্রায় ৩০ জন নেতা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে লিখিত আপত্তি জানিয়েছেন।
এদিকে তাসনিম জারার পদত্যাগের পর দলটির যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতুও একটি তাৎপর্যপূর্ণ স্ট্যাটাস দেন। তিনি লেখেন, ‘চাটুকারিতা ও দালালি যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে, তাতে স্পষ্ট—সচেতন না হলে দমন–পীড়নের দিন আবার ফিরে আসবেই।’
দলীয় সূত্রে জানা গেছে, এনসিপি ও জামায়াতের মধ্যে জোট গঠনের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত।
রবিবার, ২৮ ডিসেম্বর এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এমন প্রেক্ষাপটে এনসিপির শীর্ষ নেত্রীদের এই রহস্যজনক পোস্টগুলো দলটির ভেতরের মতবিরোধের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।
পতাকানিউজ/এআই

