বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় আহমেদ শাহরিয়ার রেজা দীপকে আবারও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, চার দিনের রিমান্ড শেষে দুপুরের পর দীপকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তাকে আরও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।
গত ২৯ অক্টোবর রাতে মোহাম্মদপুরের বাবর রোডের বি ব্লকের একটি বাসার তৃতীয় তলা থেকে দীপকে হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তিনি ওই এলাকার বাসিন্দা সেলিম রেজার ছেলে। নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে প্রায় ছয় ঘণ্টা সময় কাটিয়েছিলেন দীপ। পরে ৩১ অক্টোবর তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।
গত ২৭ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। জুনিয়র বন্ধু দীপের ডাকে তিনি বাসা থেকে বের হয়েছিলেন। ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি গ্যারেজের সামনে সিসিটিভি ফুটেজে তাহসিফের সঙ্গে দীপকে দেখা যায়। তারা হাত মেলানোর পর আলাদা দুটি মোটরসাইকেলে সেখান থেকে চলে যান।
পরদিন ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদে মরদেহ ভাসতে থাকার খবর পেয়ে টঙ্গী নদী পুলিশ ফাঁড়ির সদস্যরা রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করেন। হাতঘড়ি ও পকেটে থাকা আইফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়। ২৯ অক্টোবর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে জানাজা ও দাফন সম্পন্ন হয়।

এদিকে, শুক্রবার দীপকে নিয়ে টঙ্গীর তুরাগ নদসংলগ্ন মাজার বস্তি এলাকায় অভিযান চালায় পিবিআই। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকে নম্বরপ্লেটবিহীন একটি কালো রঙের সুজুকি জিক্সার ১৫০ মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গত ৩১ অক্টোবর সকালে তাহসিফের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে উত্তরখান থানায় হত্যা মামলা করেন তার বাবা কে এম এনায়েতুল করিম। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হলেও তাহসিফকে তার জুনিয়র বন্ধু দীপ বাসা থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়।
পুনরায় রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ঘটনার আগে তাহসিফের সঙ্গে মামলার সন্দিগ্ধ আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপ ও জেরিকা তাসনিম দিশার চলাফেরা এবং বিভিন্ন রেস্তোরাঁয় খাবার খাওয়ার তথ্য পাওয়া গেছে। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, মৃত্যুর আগে তাহসিফকে সর্বশেষ এই দুজনের সঙ্গে দেখা গেছে। তারা মামলার ঘটনায় জড়িত থাকতে পারেন বলে প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে।
আবেদনে আরও বলা হয়, চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা যাচাই-বাছাই করা হচ্ছে। মামলার রহস্য উদঘাটন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, মোবাইল ফোনের তথ্য উদ্ধার, ঘটনার রাতে তাহসিফের সঙ্গে থাকার পর প্রায় ১০ মিনিট অন্যত্র অবস্থানের কারণ জানা এবং জড়িত অন্যদের শনাক্ত করতে তাকে আরও সাত দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
এদিকে, ঘটনার রাতে তাহসিফ ও দীপের সঙ্গে চলাফেরা করা তরুণী জেরিকা তাসনিম দিশাও এ মামলায় রিমান্ডে রয়েছেন।
পতাকানিউজ/এএ

