বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে তৃতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।
দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে দুপুরের পর দীপকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ নিয়ে তিন দফায় মোট ১০ দিনের রিমান্ডে নেওয়া হলো দীপকে। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।
গত ২৯ অক্টোবর রাতে মোহাম্মদপুরের বাবর রোডের বি ব্লকের একটি বাসার তৃতীয় তলা থেকে দীপকে হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তিনি ওই এলাকার বাসিন্দা সেলিম রেজার ছেলে। নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে প্রায় ছয় ঘণ্টা সময় কাটিয়েছিলেন দীপ।
এরপর ৩১ অক্টোবর তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দীপকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। প্রথম দফার রিমান্ড শেষে ৩ নভেম্বর তাঁকে দ্বিতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
মামলার তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। তার জুনিয়র বন্ধু দীপের ডাকে সাড়া দিয়ে তিনি বাসা থেকে বের হয়েছিলেন।
পরদিন ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদে মরদেহ ভাসতে থাকার খবর পেয়ে টঙ্গী নদী পুলিশ ফাঁড়ির সদস্যরা রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করেন। হাতঘড়ি ও পকেটে থাকা আইফোনের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।

এ ঘটনায় ৩১ অক্টোবর সকালে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে রাজধানীর উত্তরখান থানায় হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হলেও এজাহারে তাহসিফকে তার জুনিয়র বন্ধু দীপ বাসা থেকে ডেকে নিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
পুনরায় রিমান্ডের আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, তাহসিফ মৃত্যুর আগে সন্দেহভাজন আহমেদ শাহরিয়ার রেজা দীপ ও জেরিকা তাসনিম দিশার সঙ্গে ঘোরাফেরা করেছেন এবং বিভিন্ন রেস্তোরাঁয় খাবার খেয়েছেন। এ পর্যন্ত পাওয়া তথ্য-প্রমাণে মৃত্যুর আগে তাঁদের সঙ্গে তাহসিফের দেখা হওয়ার বিষয়টি উঠে এসেছে। তাদের দুজনেরই মামলার ঘটনায় সম্পৃক্ততার বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
আবেদনে আরও বলা হয়, দীপকে দুই দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা যাচাই-বাছাই করা হচ্ছে। তাহসিফকে হত্যার কারণ, হত্যায় ব্যবহৃত আলামত, পরিকল্পনাকারী ও সহযোগীদের পরিচয় এবং ঘটনার পেছনে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা জানতে তাকে আবারও জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
এ ছাড়া সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের সঙ্গে আসামির বক্তব্য মিলিয়ে দেখা এবং হত্যার ধরন ও প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে নতুন করে রিমান্ড চাওয়া হয়।
পতাকানিউজ/এএ

