ঢাকার পূর্বাচলের নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দে দুর্নীতির পৃথক তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাত বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একটি মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের ১৮ বছরের কারাদণ্ড ও
রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন দুপুর পৌনে ১২টার দিকে এই রায় ঘোষণা করেন। ২৩ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর আদালত রায় ঘোষণার তারিখ ধার্য করেছিলেন।
তিনটি মামলায় মোট ৪৭ জন আসামি থাকা সত্ত্বেও ব্যক্তি হিসেবে তাদের সংখ্যা ২৩। শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুল ছাড়া অন্য ২০ জনের মধ্যে ছিলেন সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) শফি উল হক, সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, এবং বিভিন্ন প্রশাসনিক ও রাজউক কর্মকর্তা। এই আসামিদের মধ্যে একমাত্র মোহাম্মদ খুরশীদ আলমই গ্রেপ্তার রয়েছেন।
গত ১৭ নভেম্বর পৃথক তিন মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এর আগে ৩১ জুলাই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন। এক মামলায় আসামি ছিলেন ১২ জন, অপর মামলায় ১৭ জন এবং তৃতীয় মামলায় ১৮ জন।
প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারি মাসে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথকভাবে ছয়টি মামলা দায়ের করেছিল। মামলাগুলোয় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে আজমিনা সিদ্দিকসহ অন্যদের আসামি করা হয়। এর মধ্যে তিন মামলার রায় আজ ঘোষণা করা হলো।
উল্লেখ্য, ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী একটি মামলায় শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেন। একই মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
পতাকানিউজ/এনটি

