প্রকৃতিতে বইছে তীব্র দাবদাহ। তীব্র গরমে অতীষ্ঠ মানুষ। খুঁজছেন একটু স্বস্তি। আজ থেকে সারা দেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার হলে থাকা সন্তানের অপেক্ষায় হলের বাইরে শত শত অপেক্ষমাণ অভিভাবক।
গরমে কাহিল অভিভাবকদের স্বস্তি দিতে বিশুদ্ধ পানি ও খাবার বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। মেয়রের এমন উদ্যোগে খুশি অভিভাবকেরা।
মঙ্গলবার, ২১ এপ্রিল সকালে চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় ও চট্টগ্রাম র্সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি কেন্দ্রের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এছাড়া অপেক্ষমান অভিভাবকদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় মেয়র অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার বিতরণ করেন।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা যেন নির্বিঘ্ন পরিবেশে পরীক্ষা দিতে পারে, সেটি নিশ্চিত করা আমাদের দায়িত্ব। পরীক্ষার সময় তাদের মানসিক চাপ কমাতে সহায়ক পরিবেশ সৃষ্টি করা জরুরি।’
তিনি বলেন, ‘অভিভাবকদেরও সহযোগিতা প্রয়োজন, যাতে পরীক্ষার পরিবেশ শান্ত ও শৃঙ্খলাপূর্ণ থাকে। সবাই মিলে শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও সহায়ক পরিবেশ তৈরি করতে হবে।’
এদিকে মেয়রের এমন উদ্যোগে খুশি অভিভাবকেরা। তীব্র গরমে পানি ও খাবার পেয়ে অনেকে মেয়রকে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া পরীক্ষা চলাকালীন এমন উদ্যোগ অব্যাহত রাখারও দাবি তাদের।
উপস্থিত কয়েকজন অভিভাবক বলেন, ‘গরমে নাজেহাল অবস্থা। বার বার পানির পিপাসা পাচ্ছে। এমন সময় মেয়রের কাছ থেকে খাবার ও পানি পেলাম। ধন্যবাদ মেয়রকে। পরীক্ষা চলাকালীন এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখলে ভালো হয়।’

প্রসঙ্গত, এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ১ লাখ ৩০ হাজার ৭২৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৫৬ হাজার ৩৫১ জন এবং ছাত্রী ৭৪ হাজার ৩৭৩ জন। আজ বাংলা প্রথম পত্রের পরীক্ষা।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ২১৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৪ হাজার ৯৯১ জন, মানবিক বিভাগে ৪৩ হাজার ৯৮৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫১ হাজার ৭৫০ জন রয়েছে।
এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ১ হাজার ২১৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগর ও জেলার ৯২ হাজার ৩৩৮ জন, কক্সবাজারে ১৮ হাজার ৯২৪ জন, রাঙামাটিতে ৭ হাজার ৪১৭ জন, খাগড়াছড়িতে ৮ হাজার ৭১ জন এবং বান্দরবানে ৩ হাজার ৮৭৪ জন পরীক্ষার্থী রয়েছে।
পতাকানিউজ/আরবি

