ব্রাহ্মণবাড়িয়ার তুচ্ছ ঘটনার জেরে দেলোয়ার মিয়া প্রকাশ দিলু (৪২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার, ১৪ নভেম্বর দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার মিয়া প্রকাশ দিলু চাঁনপুর গ্রামের তোতা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক।
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত বিল্লাল মিয়া পলাতক। তিনি শান্তামোড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। অপরদিকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। তবে এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে দেলোয়ার মিয়া তার অটোরিকশা নিয়ে আউলিয়া বাজার যায়। ফেরার পথে অটোরিকশা ঘুরানোর সময় বিল্লাল মিয়ার কনফেকশনারির সামনে রাখা মোটরসাইকেলে অটোরিকশার ধাক্কা লাগে। এতে ক্ষুব্ধ হয়ে অটোরিকশা চালক দেলোয়ারের ওপর হামলা করে বিল্লাল। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজয়নগর থানার ওসি মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্ত বিল্লালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
পতাকানিউজ/বিপিবি/আরবি

