বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সরকারি সফর শেষ করে আজ সোমবার (৬ অক্টোবর) দেশে প্রত্যাবর্তন করেছেন।
আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনী প্রধান ১ থেকে ৫ অক্টোবর তুরস্ক সফর করেন, যা তিনি তুরস্ক বিমান বাহিনী প্রধানের আমন্ত্রণে সম্পন্ন করেন। সফরের সময় তিনি তুরস্ক প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব এবং শীর্ষ পর্যায়ের অন্যান্য সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন।
এছাড়া, বিমান বাহিনী প্রধান তুরস্কের বিমান প্রযুক্তি প্রতিষ্ঠানসহ অন্যান্য সরকারি ও বেসরকারি সামরিক সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান পরিদর্শন করেন। আইএসপিআর জানিয়েছে, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে এবং পেশাগত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, বিমান বাহিনী প্রধান ১ অক্টোবর ঢাকা ত্যাগ করেন এবং সরকারি সফরে তুরস্ক যান।
পতাকানিউজ/এনটি

