বগুড়ায় অবৈধভাবে নিম্নমানের ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ সার্জিক্যাল পণ্য এবং স্যানিটারি ন্যাপকিন তৈরির অপরাধে এশা এন্টারপ্রাইজ নামের একটি কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে কারখানার উৎপাদন স্থানটি সিলগালা করে দিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার, ১৬ আগস্) দুপুর ২টায় মহানগরীর ফুলদীঘি উত্তরপাড়া এলাকায় র্যাব-১২ বগুড়া ও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
এ বিষয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা শাখার সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, প্রতিষ্ঠানটি বিএসটিআই এর বাধ্যতামূলক অনুমোদন ছাড়াই পণ্য তৈরি করছিল। জবা ও সেফ কেয়ার নামের স্যানিটারি ন্যাপকিনের গায়ে উৎপাদনে ধামরাইয়ের ঠিকানা ব্যবহার করা হয়েছিল, যা ভোক্তা অধিকার আইনের ৪৪ ধারা অনুযায়ী স্পষ্ট প্রতারণা।
তিনি জানান, অত্যন্ত নিম্নমানের তুলা এবং সাধারণ ফ্রেশ টিস্যু মুড়িয়ে মোড়কজাত করা হচ্ছিল ন্যাপকিনগুলো, যা নারী স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অস্বাস্থ্যকর। অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ডের পাশাপাশি সিলগালা করা হয়েছে।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহম্মেদ বলেন, গোয়েন্দা তথ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহায়তায় অভিযানে জরিমানা করা হয় এবং কারখানা সিলগালা করা হয়।
পতাকানিউজ/পিএম/আরবি

