তৈরি পোশাকশিল্পের রপ্তানিমুখী পণ্যবাহী কনটেইনারের ক্ষেত্রে জাহাজের কাট-অফ সময় ২৪ ঘণ্টা বাড়িয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে কনটেইনারের ডকুমেন্টেশন ও অনুমোদন গ্রহণের জন্যও অতিরিক্ত সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে বিজ্ঞপ্তিটি জারি করা হয় ১ সেপ্টেম্বর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্দরের কনটেইনার ম্যানুয়াল অনুযায়ী রপ্তানি পণ্যবাহী কনটেইনারের ক্ষেত্রে জাহাজের কাট-অফ সময় নির্ধারিত রয়েছে। দিনের জোয়ারে জাহাজ আগমনের ক্ষেত্রে আগমনের দিন সকাল সাড়ে ৭টা এবং রাতের জোয়ারে জাহাজ আগমনের ক্ষেত্রে রাত ৮টা পর্যন্ত কনটেইনার গেট-ইনের সময় নির্ধারিত ছিল।
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) আবেদনের পরিপ্রেক্ষিতে শুধু তৈরি পোশাকশিল্পের রপ্তানিমুখী পণ্যবাহী কনটেইনারের জন্য এই সময়সীমা ২৪ ঘণ্টা বাড়ানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দিনের জোয়ারে জাহাজ আগমনের ক্ষেত্রে কাট-অফ সময় পরের দিন সকাল সাড়ে ৭টা পর্যন্ত এবং রাতের জোয়ারে জাহাজ আগমনের ক্ষেত্রে পরের রাত ৮টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
ডকুমেন্টেশনের জন্যও বাড়তি সময়
এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে স্টাফিং করা কনটেইনারের প্রয়োজনীয় ডকুমেন্টেশন ও অনুমোদন গ্রহণের জন্যও অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। দিনের জোয়ারে জাহাজ আগমনের ক্ষেত্রে আরও ৬ ঘণ্টা ৩০ মিনিট, অর্থাৎ দুপুর ২টা পর্যন্ত এবং রাতের জোয়ারে আরও ৪ ঘণ্টা, অর্থাৎ রাত ১২টা পর্যন্ত এ সময় পাওয়া যাবে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কনটেইনার স্টাফিংয়ের কাজ সম্পন্ন করতে মালামাল আগেভাগে স্টাফিং পয়েন্টে পৌঁছানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাহাজ যথাসময়ে ছাড়ার (সেইলিং) সুবিধার্থে নির্ধারিত সেইলিং সময়ের তিন ঘণ্টা আগে চট্টগ্রাম বন্দরের কনটেইনার গেট-ইনের সময়সীমা শেষ হবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত গত ২ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে এবং ২ জুলাই ২০২৭ পর্যন্ত বহাল থাকবে।

-পতাকানিউজ

