নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা ইতোমধ্যেই হয়েছে এবং এটি আগামী সপ্তাহে প্রকাশ করা হবে।’
বৃহস্পতিবার (১৪ আগস্ট) নির্বাচন ভবনে নিজ দফতরের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
ইসি সচিব বলেন, ‘গণমাধ্যমের সঙ্গে সংলাপও আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে। পাশাপাশি ২২টি রাজনৈতিক দলকে মাঠ পর্যায়ে পাঠিয়ে তদন্ত কার্যক্রম সম্পন্ন করা হবে। প্রবাসীদের ভোটাধিকার সংক্রান্ত বিষয়েও আলোচনার কাজ চলমান, যা শেষ হওয়ার পর বিস্তারিত জানানো হবে।’
এর আগে বুধবার (১৩ আগস্ট) আসন্ন নির্বাচনকে সামনে রেখে পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন আবেদন যাচাই-বাছাই করার জন্য ইসি ১০ সদস্যের কমিটি গঠন করেছে। এ তথ্য ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত চিঠি থেকে জানা গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম দিকে অনুষ্ঠিত হওয়ার কথা। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব প্রস্তুতি সম্পন্ন করছে।
পতাকানিউজ/এনটি

