আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এদিন সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে।
সোমবার, ২৩ ফেব্রুয়ারি জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি।
সংবিধানের ৭২ ধারার ২ নম্বর উপধারায় বলা আছে, জাতীয় নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে নতুন সংসদের বৈঠক ডাকতেই হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১২ ফেব্রুয়ারি। পরদিন শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। এরপর সরকারি ফলাফল ঘোষণা হয় ১৪ ফেব্রুয়ারি।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ২৯৭ জন সংসদ সদস্য শপথ গ্রহণ ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এখন ১২ মার্চ স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
পতাকানিউজর/আরবি

