থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আজ ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড স্টেম ইনভেনশন ইনোভেশন ২০২৬’-এর আন্তর্জাতিক পর্ব। এ প্রতিযোগিতায় অংশ নিয়ে স্বর্ণপদকসহ একাধিক পদক জিতে স্মরণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ প্রতিনিধি দল।
বাংলাদেশ ইয়াং সায়েন্টিস্ট অ্যান্ড ইনোভেটরস সোসাইটি (বাইসিস)-এর নেতৃত্বে ‘বেঙ্গল স্পার্ক ১.০’ ব্যানারে প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ দল। বিশ্বের বিভিন্ন দেশের প্রায় এক হাজার প্রতিযোগী এ আয়োজনে অংশগ্রহণ করেন। রেকর্ডসংখ্যক প্রতিযোগীর অংশগ্রহণের কারণে প্রতিযোগিতাটি মালেশিয়া বুক অব রেকর্ডসের স্বীকৃতি পেয়েছে।
কম্পিউটিং, এআই অ্যান্ড ডিজিটাল ইনোভেশন ক্যাটাগরিতে সেরা উদ্ভাবনী প্রকল্প হিসেবে স্বর্ণপদক ও বিশেষ সম্মাননা অর্জন করেছে টিম ‘এংলো ভয়েস’। একই ক্যাটাগরিতে সেরা পাঁচে থেকে স্বর্ণপদক জিতেছে টিম ‘আলো’ ও ‘ভিশন এইড’।
রোবোটিক্স অ্যান্ড ড্রোন ক্যাটাগরিতে চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাব স্বর্ণপদক অর্জন করে। এ ছাড়া লাহি রোবোটিক্স অ্যান্ড ইন্টেলিজেন্স ব্রোঞ্জ পদক এবং টিম নোভাট্রিক্স সিলভার পদক লাভ করেছে। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে সিলভার পদক অর্জন করে টিম ‘ইয়াং স্পার্ক অব বাংলাদেশ’।
প্রতিযোগিতার আয়োজক মালেশিয়া ইয়াং সায়েন্টিস্ট অর্গানাইজেশন (মাইসো)-এর পক্ষ থেকে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান ও বাইসিস-এর সভাপতি মোসাদ্দেক হোসেনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থাইল্যান্ডে নিযুক্ত মালেশিয়ার হাই কমিশনার দাতুক ওয়ান জাইদি ওয়ান আব্দুল্লাহ এবং মাইসো’র সভাপতি ড. রাজমি বিন আব্দু রাজ্জাক।
বাংলাদেশ প্রতিনিধি দলের সার্বিক ব্যবস্থাপনা ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন বাইসিস-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর সাদেকুল ইসলাম ও ওমর মারওয়ান।
-পতাকানিউজ

