আগামী ৩১ ডিসেম্বর, বুধবার থার্টি ফার্স্ট নাইট (ইংরেজি বর্ষবরণ) উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর শান্তি শৃঙ্খলা রক্ষা, জনস্বার্থ, জনশৃঙ্খলা ও সাধারণ মানুষের জনজীবন স্বাভাবিক রাখার লক্ষ্যে ৬টি নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
সোমবার, ২৯ ডিসেম্বর রাতে সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেয়া হয়।
সিএমপি’র ৬ নির্দেশনাসমূহ হলো-
১. থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে অনুমতি ব্যতীত সর্বসাধারণের ব্যবহার্য স্থান, রাস্তায়, উন্মুক্ত স্থান/ছাদ এর ওপর কোনো ধরনের অনুষ্ঠান, সভা-সমাবেশ, গণজমায়েত, নাচ, গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাদ্যযন্ত্র, ডিজে পার্টি, র্যালি শোভাযাত্রা করা যাবে না।
২. থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে চট্টগ্রাম মহানগর এলাকায় যে কোনো ধরনের আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে।
৩. ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম মহানগর এলাকায় সকল বার ও মদের দোকানসমূহ বন্ধ থাকবে।
৪. ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন আবাসিক হোটেল, রেস্তোরাঁ, জনসমাবেশ ও উৎসবস্থলে সকল প্রকার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিস্ফোরক দ্রব্য বহন করা যাবে না।
৫. ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত পতেঙ্গা সী-বিচ ও পারকি বিচ এলাকায় অবস্থান করা যাবে না।
৬. বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরবাইক চালনা, উচ্চ শব্দে গাড়ির হর্ণ বাজানো, রাস্তায় মাদকাসক্ত অবস্থায় চলাফেরা, নৈতিক মূল্যবোধ পরিপন্থী কর্মকান্ড, নারীদের প্রতি যে কোনো প্রকার হয়রানি বা ইভিটিজিং এবং বেআইনী কার্যকলাপে লিপ্ত হওয়া যাবে না।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সিএমপি।
পতাকানিউজ/আরবি

