দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও একজন। নিহতদের মধ্যে পাঁচজনই নারায়ণগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে। অপর নিহত ব্যক্তি মুন্সিগঞ্জের রিকাবিবাজার এলাকার বাসিন্দা।
মঙ্গলবার, ২৮ জুলাই রাত ৩টায় ইস্টার্ন কেপের কুইন্সটাউন এলাকায় একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে নারায়ণগঞ্জের বাসিন্দারা হলেন-মো. ফয়সাল (২৫), মো. ফাহিম (২৮), শামীম হাসান (৩০) ও মোহাম্মদ আপন (২৪)।তবে আরও দুজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
আলীরটেক ইউনিয়ন পরিষদের সদস্য রওশন আলী বলেন, নিহত ছয়জনের মধ্যে চারজন আমার ইউনিয়নের বাসিন্দা। অন্য দুজনের মধ্যে একজন বক্তাবলী ইউনিয়নের এবং একজন মুন্সিগঞ্জের রিকাবিবাজার এলাকার। তারা সবাই পরস্পরের আত্মীয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি। পাশাপাশি নিহতদের পরিবারের পক্ষ থেকেও প্রশাসনের সঙ্গে কেউ যোগাযোগ করেননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
একই তথ্য জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।
পতাকানিউজ/আরবি

