গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে দরপতনের প্রবণতা স্পষ্ট ছিল। যেসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, তার প্রায় তিনগুণ প্রতিষ্ঠানের দাম কমেছে। এরপরও প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন হাজার কোটি টাকার বেশি বেড়েছে। তবে একই সময়ে মূল্য সূচক ও দৈনিক গড় লেনদেন—দুটিই কমেছে।
গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া মোট প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৯৩টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ২৬৮টির দাম কমেছে এবং ২৫টির দাম অপরিবর্তিত ছিল। অর্থাৎ দর বৃদ্ধির তুলনায় দরপতনের তালিকায় থাকা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল প্রায় ২ দশমিক ৮৮ গুণ বেশি।
দরপতনের আধিক্য থাকা সত্ত্বেও সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৪ হাজার ৪৪০ কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই বাজার মূলধন ছিল ৬ লাখ ৮৩ হাজার ১৮০ কোটি টাকা। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ২৬০ কোটি টাকা, যা শতাংশের হিসাবে দশমিক ১৮।
তবে বাজার মূলধন বাড়লেও সূচকে ছিল নিম্নমুখী প্রবণতা। ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স গত সপ্তাহে কমেছে ৩৯ দশমিক ৫৬ পয়েন্ট বা দশমিক ৭৯ শতাংশ। এর আগের সপ্তাহে সূচকটি বেড়েছিল ৮৭ দশমিক ৯৪ পয়েন্ট বা ১ দশমিক ৭৯ শতাংশ।
অন্যদিকে, ইসলামী শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক সপ্তাহজুড়ে কমেছে ১৪ দশমিক ৮৭ পয়েন্ট বা ১ দশমিক ৪৭ শতাংশ। আগের সপ্তাহে এই সূচকটি বেড়েছিল ৪ দশমিক ৮০ পয়েন্ট বা দশমিক ৪৮ শতাংশ।
বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচকও ছিল নিম্নমুখী। সূচকটি গত সপ্তাহে কমেছে ২ দশমিক ২২ পয়েন্ট বা দশমিক ১২ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বেড়েছিল ৪৫ দশমিক ৫২ পয়েন্ট বা ২ দশমিক ৪৩ শতাংশ।
সূচকের পাশাপাশি লেনদেনের গতি কমেছে উল্লেখযোগ্যভাবে। গত সপ্তাহে ডিএসইতে প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৩৮০ কোটি ১২ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেনের পরিমাণ ছিল ৪৭৪ কোটি ৫৪ লাখ টাকা। ফলে প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৯৪ কোটি ৪২ লাখ টাকা বা ১৯ দশমিক ৯০ শতাংশ।
সপ্তাহজুড়ে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডসের শেয়ারে। কোম্পানিটির শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১৩ কোটি ৯২ লাখ টাকা, যা মোট লেনদেনের ৩ দশমিক ৬৬ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ারে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১২ কোটি ৯৯ লাখ টাকা। আর প্রতিদিন গড়ে ১২ কোটি ৯৪ লাখ টাকা লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন।
এছাড়া লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—সিটি ব্যাংক, ডমিনেজ স্টিল বিল্ডিং, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, লাভেলো আইসক্রিম, এসিআই, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ শিপিং করপোরেশন।
-পতাকানিউজ

