বগুড়ায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় আরেকটি ট্রাক। এতে সেলিম হোসেন (৪০) নামে চলন্ত ট্রাকের চালক নিহত হয়েছেন। বুধবার, ৩১ ডিসেম্বর সকালে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার তেলিপুকুর এলাকায় এঘটনা ঘটে। সেলিম হোসেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার অর্জুনপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। বগুড়া কুন্দারহাট হাইওয়ে পুলিশের ওসি হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, বুধবার সকালে তেলিপুকুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় পেছন থেকে আসা আরেকটি দ্রুতগামী ট্রাক দাঁড়িয়ে থাকা ওই ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে চলন্ত ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চালক সেলিম হোসেন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ওসি বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
পতাকানিউজ/পিএম/কেএস

