বলিউডে পুরোনো জুটির প্রত্যাবর্তন মানেই দর্শকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস। সেই অপেক্ষার তালিকায় এবার যুক্ত হতে পারেন শিল্পা শেট্টি ও জ্যাকি শ্রফ। দীর্ঘ ২৬ বছর পর আবারও পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে এই দুই তারকাকে—তবে এবার সিনেমায় নয়, ওটিটি সিরিজে দম্পতির চরিত্রে।
প্রাইম ভিডিওর একটি নতুন সিরিজ ঘিরেই তৈরি হয়েছে এই আলোচনা। জানা গেছে, বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত গল্পে নির্মিত হতে যাওয়া সিরিজটিতে সম্পর্কের টানাপোড়েন, আবেগ, রসায়ন এবং দাম্পত্য জীবনের নানা জটিল দিক তুলে ধরা হবে। আর সেই গল্পের কেন্দ্রেই থাকবেন শিল্পা ও জ্যাকি—একটি পরিণত দম্পতির ভূমিকায়।
ইতিমধ্যে সিরিজটির প্রস্তাব দুই অভিনয়শিল্পীর কাছেই পৌঁছেছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হননি তাঁরা। তবে নির্মাতারা আশাবাদী, সবুজ সংকেত মিললেই দ্রুত শুরু হবে শুটিংয়ের কাজ। এদিকে সম্ভাব্য এই জুটিকে আবার একসঙ্গে দেখার খবরে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ।
শিল্পা শেট্টি ও জ্যাকি শ্রফকে সর্বশেষ একসঙ্গে দেখা গিয়েছিল ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘জঙ্গ’-এ। সেই ছবির পর কেটে গেছে প্রায় আড়াই দশক। সময়ের ব্যবধানে দু’জনের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে এসেছে নানা পরিবর্তন, কিন্তু দর্শকদের স্মৃতিতে তাঁদের অনস্ক্রিন উপস্থিতি এখনও আলাদা জায়গা ধরে রেখেছে।
শোনা যাচ্ছে, আট পর্বের এই সিরিজের জন্য ইতোমধ্যে অন্যান্য চরিত্রের কাস্টিং প্রক্রিয়াও শুরু হয়েছে। মূল দুই চরিত্রে শিল্পা ও জ্যাকির সম্মতি পেলেই পুরো প্রজেক্ট আনুষ্ঠানিকভাবে গতি পাবে।
বলিউডে এখন পুরোনো জুটিকে নতুন আঙ্গিকে ফিরিয়ে আনার প্রবণতা বাড়ছে। সেই ধারাবাহিকতায় শিল্পা–জ্যাকির সম্ভাব্য এই প্রত্যাবর্তন শুধু নস্টালজিয়া নয়, বরং পরিণত সম্পর্কের গল্পে নতুন মাত্রা যোগ করতে পারে বলেই মনে করছেন বিনোদন অঙ্গনের অনেকে। দর্শকদের অপেক্ষা এখন একটাই—দুই তারকার ‘হ্যাঁ’ কবে আসে।
সূত্র : বর্তমান
-পতাকানিউজ

