বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমানের বাসায় শিশু গৃহকর্মী মোহনাকে নির্যাতনের বর্ণনা দিয়ে দায় স্বীকার করেছেন সাফিকুরের স্ত্রী বীথি।
শনিবার, ২১ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেনের খাস কামরায় জবানবন্দি দেন বীথি।
রিমান্ড শেষে বীথিকে আদালতে হাজির করে উত্তরা থানা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই রুবেল মিয়া তার স্বীকারোক্তি মূলক জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদন করেন। বিচারক তার জবানবন্দি গ্রহণ করেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
গত ১০ ফেব্রুয়ারি বীথিকে ৭ দিনের রিমান্ডে নেয়ার নির্দেশ দেন আদালত। পরে তাকে কারাগার থেকে রিমান্ডে নেয়া হয়।
এর আগে বিমানের এমডির বাসার গৃহকর্মী সুফিয়া বেগম দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। গত বৃহস্পতিবার আরেক গৃহকর্মী রুপালি বেগমকে পাঁচ দিনের রিমান্ডে শেষে কারাগারে পাঠানো হয়েছে। সাফিকুর রহমানকে গত শুক্রবার রিমান্ডে শেষে কারাগারে পাঠানো হয়।
১১ বছরের শিশু গৃহকর্মী মোহনার বাবা গোলাম মোস্তফা গত ১ ফেব্রুয়ারি উত্তরা পশ্চিম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামালায় সাফিকুর রহমান এবং তার স্ত্রী বীথি, বাসার দুই গৃহকর্মী রুপালী খাতুন ও সুফিয়া বেগমকে আসামি করা হয়। মামলা দায়েরের পর গত ২ ফেব্রুয়ারি রাত সাড়ে তিনটার দিকে উত্তরা ৯ নম্বর সেক্টরের বাসা থেকে আসামিদের গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা–পুলিশ। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাফিকুর, তাঁর স্ত্রী বীথিসহ চারজনকে কারাগারে পাঠানো হয়।
পতাকানিউজ/এএ/আরবি

