বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সিয়াম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরেক কিশোরকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার, ১৭ এপ্রিল বিকেল সাড়ে ৪টায় বগুড়া শহরতলীর শাকপালা মোড়ে পার্কের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সিয়াম শাজাহানপুর উপজেলার ফুলতলা (আর্মি বোর্ডিং এর পিছনে) এলাকার সাদিকুল ইসলামের ছেলে।
আহত তুহিন শাকপালা ক্যান্টনমেন্ট পাড়া এলাকার হিরো মন্ডলের ছেলে। সে বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া শহরতলীর শাকপালা মোড়ে পার্কের সামনে দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে তুহিন (১৬) ও সিয়াম (১৭) নামের দুই কিশোর গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।
সিয়ামের মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
শাহাজানপুর থানার ওসি আশিক ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জানার পরপরই পুলিশ হত্যাকারিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
পতাকানিউজ/পিএম/আরবি

