পাবনার ঈশ্বরদীতে বীরু মোল্লা নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি লক্ষীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন। বুধবার, ১৭ ডিসেম্বর সকাল ১০টায় উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের কামালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বীরু মোল্লা (৬৫) একই এলাকার আবুল মোল্লার ছেলে।
নিহতের ছেলে রাজিব মোল্লার বলেন, ‘জহুরুল মোল্লা তাদের কয়েকটি ইটভাটা দখল করে নিয়েছে। এ নিয়ে আগে একবার মারামারি হয়েছিল। বিষয়টি নিয়ে তার বাবা অনুতপ্তও ছিলেন। মঙ্গলবার রাতভর জহুরুল তাদের জমি থেকে মাটি কেটে বিক্রি করেছে।’
তিনি বলেন, ‘বিষয়টি জানার পর আজ সকালে বাবা জহুরুলের কাছে জানতে গেলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে জহুরুল বাবাকে লক্ষ্য করে গুলি করলে তিনি চোখে গুলিবিদ্ধ হন। পরে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে জানতে অভিযুক্ত জহুরুলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।
ঈশ্বরদী থানার ওসি মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পারিবারিক বিরোধের জেরে গুলি করে হত্যা করা হয়েছে বলে জেনেছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
পতাকানিউজ/আরবি

