বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে ৫ দিনের রিমান্ডে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া আরেকটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার, ৫ জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা ভিন্ন ভিন্ন আদেশে এসব নির্দেশ দেন। দুজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলা সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আদালত নির্দেশ দেন।
ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী এসব তথ্য নিশ্চিত করেন।
আদালত সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর শাহবাগে জুট ব্যবসায়ী মো. মনির নিহতের ঘটনায় করা মামলায় দীপঙ্কর তালুকদারের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক। শুনানি শেষে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার গত বছরের ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা করেন। এ মামলায় ৩৫১ জনকে এজাহারনামীয় ও ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
এদিকে রাজধানীর মহাখালীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে কারখানা কর্মী মো. শাহজাহান গুলিতে নিহতের ঘটনায় করা হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী জাফর উল্যাহকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা মো. ইয়াছির আরাফাত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মহাখালী ফ্লাইওভারের নিচে একটি শান্তিপূর্ণ মিছিলে অংশ নেন কারখানা কর্মী মো. শাহজাহান। এসময় শাহজাহানের বুক ও পেটে দুটি গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই তার মৃত্যু হয়।
এ ঘটনায় গত বছরের ১৮ ডিসেম্বর নিহতের মা সাজেদা বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা করেন।
প্রসঙ্গত, দীপংকর তালুকদারকে গত বছর ২৫ ফেব্রুয়ারি রাজধানীর সোবহানবাগ থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। অপরদিকে, গত বছরের ১৮ সেপ্টেম্বর গুলশানের বাসা থেকে কাজী জাফর উল্যাহকে গ্রেপ্তার করে পুলিশ।
পতাকানিউজ/এএ/আরবি

