ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জায়গা নিয়ে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের নয়দিনের মাথায় প্রতিপক্ষের হামলায় আফরোজ আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে রবিবার, ২৩ নভেম্বর বিকেল থেকে সর্বশেষ সংঘর্ষে আরো অন্তত ২০ জন আহত হন।
নিহত আফরোজ মিয়া ওই গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। জেলা সদর হাসপাতাল মর্গে তার লাশ পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ফারুক মিয়া নামে এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিগত কয়েক দিন ধরে দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকার একটি জায়গা নিয়ে স্থানীয় দানা মিয়া গোষ্ঠী ও শিপন গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে গত ১৫ নভেম্বর থেকে কয়েক দফা সংঘর্ষ হয়। এর জের ধরে রবিবার সন্ধ্যায় দুই পক্ষের লোকজন ফের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে দানা মিয়া গোষ্ঠীর আরফোজ মিয়া নিহত হয়।
সরাইল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পতাকানিউজ/বিপিবি/এএইচ

