দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা দুই মাস পর সাপ্তাহিক লেনদেনে কিছুটা গতি ফিরেছে। তবে সূচক ও বাজার মূলধন দুইই কমেছে।
গত সপ্তাহে (২৬ থেকে ৩০ অক্টোবর) ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ২৮৬ কোটি ৮৬ লাখ টাকার, যা আগের সপ্তাহের তুলনায় প্রায় ৭ শতাংশ বেশি। তবে সপ্তাহের শেষে বাজার মূলধন কমেছে আরও প্রায় ৬ হাজার কোটি টাকা।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, লেনদেন বাড়লেও সূচকের পতন থামেনি। সপ্তাহজুড়ে ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়- এর মধ্যে দর বেড়েছে ১৭৭টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত থেকেছে ৩৬টির।
প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহে ২৮ পয়েন্ট কমে ৫ হাজার ১২২ পয়েন্টে নেমেছে। ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৮৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৮৩ পয়েন্টে।
লেনদেন বেড়েছে দিনে গড়ে ২৯ কোটি টাকার বেশি। প্রতিদিন গড় লেনদেন ছিল ৪৫৭ কোটি ৩৭ লাখ টাকা, আগের সপ্তাহে যা ছিল ৪২৭ কোটি ৭৪ লাখ টাকা।
অন্যদিকে বাজার মূলধন কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৯৯ হাজার ৫৪৭ কোটি টাকায়। আগের সপ্তাহে এটি ছিল ৭ লাখ ৫ হাজার ৩৪৩ কোটি টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও বাজার মূলধন দুইই কমেছে। সপ্তাহ ব্যবধানে সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৪ হাজার ২৮৬ পয়েন্টে নেমেছে, যা আগের সপ্তাহের তুলনায় ০ দশমিক ৮৮ শতাংশ কম। সিএসই-৩০ সূচকও ০ দশমিক ৬০ শতাংশ কমে ১২ হাজার ৬৫১ পয়েন্টে নেমেছে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩০৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়- এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১৭০টির। লেনদেন বেড়ে হয়েছে ৯৮ কোটি ২৪ লাখ টাকা, আগের সপ্তাহে যা ছিল ৬৭ কোটি ৬০ লাখ টাকা।
পতাকানিউজ/এআই

