মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রবিবার, ২১ জুন ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
মাসুদ উদ্দিন চৌধুরীকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ তাকে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। মাসুদ উদ্দিন চৌধুরীর পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। শুনানি শেষে আদালত ৪ দিন রিমান্ড মঞ্জুর করেন।
দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
গত ১৮ মে এ মামলায় আদালত তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, আসামি মাসুদ উদ্দিন চৌধুরীসহ অন্যরা পরস্পর যোগসাজশে অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও সরকারি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ক্ষেত্রে অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন। সাবেক এমপি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার বেশি অর্থ গ্রহণ করে শ্রমিক রিক্রুটিংয়ের এজেন্ট হিসেবে নিয়োগ পান। পরে মালয়েশিয়াগামী শ্রমিকদের কাছ থেকে বিভিন্ন ধাপে অতিরিক্ত অর্থ আদায়ের উদ্দেশ্যে তিনি সরকারদলীয় এমপি হিসেবে প্রভাব খাটিয়ে অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত হন। চুক্তিবদ্ধ পারিশ্রমিকের বাইরে গিয়ে প্রতি শ্রমিকের কাছ থেকে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য খাতে অতিরিক্ত অর্থ নেওয়া হয়। এভাবে ৭ হাজার ১২৪ জন কর্মীর কাছ থেকে মোট ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা আত্মসাৎ করা হয়।
আবেদনে বলা হয়, ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য মাসুদ উদ্দিন চৌধুরীকে একান্তে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
প্রসঙ্গত, গত ২৩ মার্চ গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গত ২৪ মার্চ রাজধানীর পল্টন থানায় দায়ের করা মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়। ২৯ মার্চ একই মামলায় তাকে দ্বিতীয় দফায় ৬ দিনের রিমান্ডে নেয়া হয়। গত ৪ এপ্রিল মাসুদ উদ্দিন চৌধুরীকে একই মামলায় ৩ দিনের রিমান্ডে নেয়া হয়। পল্টন থানায় করা মানব পাচার মামলায় টানা ১৪ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় মাসুদ উদ্দিন চৌধুরীকে।
এরপর মিরপুর থানায় করা দেলোয়ার হত্যা মামলায় ৪ দফা রিমান্ডে নেয়া হয়। এরপর গত ৪ মে মিরপুর থানায় করা বিপ্লব শেখ হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে নেয়া হয় তাকে। মোট ৮ দফা রিমান্ডে নেয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর গত ১১ মে অর্থপাচারের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয় মাসুদ উদ্দিন চৌধুরীকে।
পতাকানিউজ/এএ/আরবি

