মাথায় গুলিবিদ্ধ জুলাই গণ–অভ্যুত্থানের অন্যতম নেতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হচ্ছে।
সোমবার, ১৫ ডিসেম্বর দুপুরে একটি মেডিক্যাল এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সেখানে পাঠানো হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং রবিবার রাতে এ তথ্য জানিয়েছে।
প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশে রোববার এ বিষয়ে একটি জরুরি টেলিফোন কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর এবং ওসমান হাদির ভাই ওমর বিন হাদী। আলোচনার পর তাঁকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সরকারের পক্ষ থেকে ওসমান হাদির চিকিৎসার জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শ এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়।
প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানান, বর্তমানে ওসমান হাদীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর লক্ষ্যে প্রয়োজনীয় মেডিক্যাল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তাঁর চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রেস উইং আরও জানায়, ওসমান হাদির চিকিৎসার সব খরচ রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসাপ্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চাওয়া হয়েছে।
পতাকানিউজ/এআই

