চলচ্চিত্র প্রযোজক, নির্মাতা ও লেখক আলী জুলফিকার জাহেদী দুবাইয়ে অনুষ্ঠিত ‘মেন্স অ্যাওয়ার্ড ২০২৫’-এ সম্মাননা অর্জন করেছেন। আন্তর্জাতিক পরিসরে এই স্বীকৃতি বাংলাদেশের জন্য নতুন গৌরব বয়ে এনেছে।
সম্প্রতি দুবাইয়ের পাঁচ তারকা শেরাটন ক্রিক হোটেল অ্যান্ড টাওয়ার্সে অনুষ্ঠিত এই আয়োজনে বিভিন্ন দেশের মোট ৩০ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মাননা দেওয়া হয়। তাদের মধ্যেই বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন জাহেদী।
মধ্যপ্রাচ্যসহ নানা দেশের শিল্পী, উদ্যোক্তা, সৃজনশীল কর্মী এবং পেশাজীবীদের অংশগ্রহণে জমকালো এই অনুষ্ঠানটি আয়োজন করে ফ্রেন্ডস ভিউ অ্যাড মিডিয়া অ্যান্ড ইভেন্টস। সম্মাননা প্রদানের পাশাপাশি ছিল সাংস্কৃতিক পরিবেশনা, মতবিনিময় এবং সম্মানিত ব্যক্তিরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন।
আলী জুলফিকার জাহেদী ২০১৬ সাল থেকে চলচ্চিত্র নির্মাণ ও লেখালেখিতে সক্রিয়। তার প্রথম পরিচালিত সিনেমা ‘কাগজ’ মুক্তি পায় ২০২২ সালে, যা পরবর্তীতে দেশি-বিদেশি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও মনোনীত হয়। বর্তমানে তিনি তার দ্বিতীয় চলচ্চিত্র ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’-র কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
পতাকানিউজ/এনএফএম

