দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। এ ঘটনায় তার জামিন বাতিল ও তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকার। বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে দুবাইয়ে একটি ‘ল’ ফার্ম (আইনি প্রতিষ্ঠান) নিয়োগ করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।
রবিবার, ২ আগস্ট রাজশাহীতে পুলিশের সব ইউনিটের অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এ তথ্য জানান ।
সালাউদ্দিন আহমদ বলেন, ‘বেনজীর আহমেদ দুবাইয়ের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন, এটি আমরা শুনেছি। তার জামিন আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকার দুবাইতে ল-ফার্ম নিয়োগ করেছে। আমরা আশা করছি, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে দেশে ফেরত আনতে পারব। বাংলাদেশ থেকে নিয়োগ করা ল-ফার্ম এ ব্যাপারে কাজ করছে।’

তিনি বলেন, ‘আমরা ল’ফার্ম নিয়োগ করেছি। সার্টিফায়েড কপিটা জোগাড়ের চেষ্টা চলছে। আশা করছি, দ্রুত বেইল (জামিন) ক্যানসেল করতে পারব। দ্রুত তাকে ফিরিয়ে আনতে পারব।’
এর আগে আজ দুপুরে সাবেক আইজিপি বেনজীর আহমেদের জামিনে মুক্তির খবরের বিষয়ে পুলিশ সদরদপ্তর জানায়, তাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই।’
পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন বলেন, ‘এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। বিষয়টি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো বলতে পারবে।’
এছাড়া আইজিপি বেনজীর আহমেদের দুবাইয়ে মুক্তি পাওয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী। এ সংক্রান্ত কাজে দুদকের গাফিলতি ছিল না বলেও দাবি করেন তিনি।
এর আগে শনিবার, ২০ জুন বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গ্রেপ্তারকৃত সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সঙ্গে এগিয়ে চলছে।
প্রসঙ্গত, রবিবার, ১৪ জুন জাতীয় সংসদে এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আইজিপি বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হওয়ার তথ্য জানান। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার দেশটির পুলিশ।
পতাকানিউজ/আরবি

