মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকেপড়া আরও ৪০৫ বাংলাদেশি দেশে ফিরেছেন।
শুক্রবার, ৬ মার্চ সকাল ৬টা ৭ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ইউএস-বাংলা এয়ারলাইনসের দ্বিতীয় বিশেষ ফ্লাইট।
বিষয়টি নিশ্চিত করেন ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।
এরে আগে গত বুধবার, ৪ মার্চ সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যায় প্রথম ফ্লাইটটি। পরে দুবাই থেকে স্থানীয় সময় রাতে ঢাকার উদ্দেশে রওনা হয়ে বৃহস্পতিবার সকালে ৩৭৮ জন যাত্রী নিয়ে ঢাকায় ফিরে আসে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৭ জন ক্রুও ছিলেন।
দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি ঢাকা থেকে বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশে রওনা হয়। ফ্লাইটটি আটকে পড়া বাংলাদেশিদের নিয়ে দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশে রওনা হয়।
৪৩৬ আসনের এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজের মাধ্যমে ইউএস-বাংলার বিশেষ দুটি ফ্লাইট পরিচালিত হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান সংকটে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে ঢাকা-দুবাই-ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় দুবাই এয়ারপোর্ট অথরিটি ইউএস-বাংলা এয়ারলাইন্স, এমিরেটস ও এয়ার ইন্ডিয়াসহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।
যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে এয়ারলাইন্সটি।
টিকিট বুকিং সংক্রান্ত তথ্যের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের যেকোনো সেলস সেন্টার বা নিকটস্থ ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া বিস্তারিত তথ্য পাওয়া যাবে হটলাইন ১৩৬০৫ এবং মোবাইল নম্বর ০১৭৭৭৭৭৭৮০০–৮০৬-এ।
পতাকানিউজ/আরবি

