বাগেরহাটে নিজ বসতঘর থেকে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার, ৪ আগস্ট দুপুরে কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের পশ্চিম চান্দেরখোলা গ্রামে এ ঘটনা ঘটে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন আর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- আহাত হাওলাদার (২২), তার মা মনিরা বেগম (৫৫) এবং নানি রাশিদা বেগম (৮৫)। আহাত কচুয়া উপজেলার বাসিন্দা আব্দার হাওলাদারের ছেলে। মনিরা বেগম মৃত রশিদ শেখের মেয়ে এবং রাশিদা বেগম মৃত রশিদ শেখের স্ত্রী।

পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনাটি কয়েকদিন আগে ঘটেছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
স্থানীয় সূতে জানা যায়, বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ বের হলে প্রতিবেশিদের সন্দেহ হয়। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কচুয়া থানার ওসি হারুন আর রশিদ বলেন, তীব্র দুর্গন্ধ বের হলে প্রতিবেশিরা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের গলিত মরদেহ উদ্ধার করে।
ওসি আরও বলেন, মরদেহগুলোর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি দুই থেকে তিন দিন আগে ঘটেছে। বাড়িতে লোকজনের আনাগোনা না থাকায় বিষয়টি এতদিন কারও নজরে আসেনি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। একইসঙ্গে ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
পতাকানিউজ/আরবি

