মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পান চাষে বিখ্যাত। এক সময় অঞ্চলের উৎপাদিত পান দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে রপ্তানি হতো। তবে সস্প্রতি রপ্তানি বন্ধ, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও ন্যায্য দাম না পাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন এ অঞ্চলের পান চাষীরা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, হরিরামপুরের বিভিন্ন এলাকায় সবুজে মোড়ানো পানবরজে হাঁটলে প্রথমেই চোখে পড়ে সারি সারি গাছের পাতা। এসব পাতা জোড়ায় জোড়ায় ঝুলে আছে বাঁশের বেড়ায়। ভেতরে আর্দ্র বাতাস, চারপাশে ঘন সবুজ। দূর থেকে মনে হয় যেন ছোট্ট এক বনভূমি।
বরজের ভেতরে প্রবেশ করলেই দেখা মেলে উদ্বেগভরা মুখের পানচাষিদের। এ অঞ্চলের ঐতিহ্যের ধারক পানচাষীরা এখন দিশেহারা। উৎপাদন ব্যয় বাড়ার সাথে সাথে বাজারে কমেছে ন্যায্য দাম। ফলে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চাষীরা পড়েছেন বিপাকে। সারের দাম, কীটনাশক, বাঁশ, পাটখড়ি ও শ্রমিকের মজুরি বেড়ে গেছে। কিন্তু বাজারে পানের দাম পড়েছে অস্বাভাবিকভাবে।
হরিরামপুরের মানিকনগর, কৃত্তিপুর, গারুটিয়া ও ধুলিশ্বর গ্রামের মাঠজুড়ে একসময় ছিল পানবরজের সমারোহ। এখনো সকালের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে চাষীরা বরজে যান, কাজ শুরু করেন। কেউ পানপাতা তুলেন, কেউ গাছের গোড়ায় পানি দেন, কেউ আগাছা পরিষ্কার করেন। তবু মুখে নেই তৃপ্তির হাসি।

মানিকনগর গ্রামের কৃষক লতিফ মিয়া বলেন, ‘একটা পানবরজের খরচ এখন আগের চেয়ে তিনগুণ। আগে শ্রমিকের মজুরি ছিল ৬০০–৭০০ টাকা, এখন দিতে হয় ৮০০ থেকে ১,০০০ টাকা। বাঁশ, পাটখড়ি, সার সবকিছুর দাম বেড়ে গেছে। বাজারে দাম না থাকায় বরজে থাকা পানের অর্ধেকই তোলা হয় না।’
স্থানীয় চাষি মো. আকছেদ বলেন, ‘৬৬ শতাংশ জমিতে পান চাষ করতে খরচ হয়েছে প্রায় ৬ লাখ টাকা। কিন্তু বাজারে এমন অবস্থা, খরচই উঠছে না। সরকার যদি ভর্তুকি বা প্রণোদনা দিতো, তাহলে আমরা টিকে থাকতে পারতাম। বিনা মূল্যে সার-বীজ ও কীটনাশক সরকার অনেক ফসলের জন্য দেয়, কিন্তু পানচাষিরা সব সময়ই বঞ্চিত। কৃষি অফিস থেকেও কোনো প্রশিক্ষণ বা সহায়তা পাই না।’
পানচাষের দীর্ঘদিনের অভিজ্ঞ চাষি আলম মিয়া জানান, ‘হরিরামপুর একসময় ‘‘পানের রাজ্য’’ নামে পরিচিত ছিল। এখানকার সাঁচি ও গয়াচি দুটি জাতের পানের সুনাম ছিল দেশজুড়ে। বিশেষ করে সাঁচি পানের রপ্তানি থেকে চাষীরা লাভবান হতেন। কিন্তু রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার পর সেই বাজার হারিয়ে গেছে। আগে ১০০ পাতা পান বিক্রি হতো ৮০ থেকে ১০০ টাকায়, এখন তা নেমে এসেছে ৪০–৫০ টাকায়। ফলে অনেকে নতুন মৌসুমে আর পান চাষে আগ্রহ দেখাচ্ছেন না। আমরা যদি সহায়তা না পাই, আগামী কয়েক বছরে হরিরামপুরে পানচাষই থাকবে না। বরজ চালানো এখন লোকসানের কাজ।’
বংশপরম্পরায় পান চাষ করে আসছেন লতিফ মিয়ার পরিবার। দাদা, বাবা সবাই এই বরজেই কাজ করেছেন। তিনি বলেন, ‘আমাদের কাছে এটা শুধু চাষ নয়, জীবনযাপন। কিন্তু এখন যদি দাম না পাই, তাহলে এই ঐতিহ্য টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে।’
মানিকগঞ্জ কৃষি উন্নয়ন কমিটির সমন্বয়কারী নজরুল ইসলাম বলেন, ‘পান চাষিদের চোখে ভর করছে অনিশ্চয়তার ছায়া। সরকারি সহায়তা আর ন্যায্যমূল্যের নিশ্চয়তা না এলে, হয়তো একদিন হারিয়ে যাবে মানিকগঞ্জের এই সবুজ ঐতিহ্য ‘‘পানের রাজ্য’’ হরিরামপুর।’
হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান বলেন, ‘বর্তমানে প্রায় ৩ হেক্টর জমিতে ৩০টির মতো পানবরজ আছে। সাঁচি পানের রপ্তানি বন্ধ থাকায় এখন গয়াচি জাতের পান বেশি চাষ হচ্ছে। সরবরাহ বেড়ে যাওয়ায় বাজারে দাম কিছুটা কমেছে। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি এবং প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছি।’
পতাকানিউজ/জেএইচসি/এএইচ

