চট্টগ্রাম মহানগরীর প্রায় দেড়শ বছরের পুরোনো সদরঘাট কালী মন্দিরে চুরির ঘটনা ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় চুরি যাওয়া কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। বাকি স্বর্ণ উদ্ধারে অভিযান চলমান রয়েছে। শনিবার, ৮ নভেম্বর গভীর রাতে এ মন্দিরের চুরির ঘটনা ঘটে।
মন্দিরের সেবায়েত সানা ভট্টাচার্য্য জানান, ভোরের দিকে মন্দির খুলে দেখতে পান প্রতিমার মাথায় থাকা স্বর্ণ ও রুপার মুকুটসহ বেশকিছু অলঙ্কার নেই এবং দান বাক্স ভাঙা।
চুরি যাওয়া অলঙ্কারের মধ্যে রয়েছে- প্রতিটি চার ভরি ওজনের একটি স্বর্ণের ও একটি রুপার মুকুট, কানের দুল, দুই ভরি ওজনের লকেটসহ চেইন, চার ভরি ওজনের রুপার মুণ্ডমালা এবং চার আনা ওজনের স্বর্ণের লকেট। এছাড়া দান বাক্সে থাকা আনুমানিক ৬০ থেকে ৭০ হাজার টাকাও নিয়ে গেছে চোরেরা।
সানা ভট্টাচার্য্য বলেন, ‘মন্দিরটির বয়স প্রায় ১৫০ বছর। এই দীর্ঘ সময়ে এমন চুরির ঘটনা কখনও ঘটেনি। প্রতিদিন অসংখ্য ভক্ত এখানে প্রণামী দেন। তাই দান বাক্সে টাকার পরিমাণও তুলনামূলক বেশি ছিল। মূল দরজার তালা অক্ষত ছিল। সম্ভবত পেছনের দিক দিয়ে চালে উঠে ভেন্টিলেটর ভেঙে চোর প্রবেশ করেছে। পরে থানা পুলিশকে বিষয়টি জানায় এবং এ ঘটনায় মামলা করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, মন্দিরে চুরির ঘটনায় আবুল হাশেম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে চুরির কিছু স্বর্ণ উদ্ধার করা হয়েছে। বাকি স্বর্ণ উদ্ধারে অভিযান চলমান আছে। গ্রেপ্তারের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
পতাকানিউজ/আরবি

