চট্টগ্রাম মহানগরীর প্রায় দেড়শ বছরের পুরোনো সদরঘাট কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। শনিবার, ৮ নভেম্বর রাতে চোরেরা প্রতিমার অলঙ্কার ও দান বাক্সের টাকা লুট করার অভিযোগ উঠেছে।
মন্দিরের সেবায়েত সানা ভট্টাচার্য্য জানান, ভোরের দিকে মন্দির খুলে দেখতে পান প্রতিমার মাথার স্বর্ণ ও রুপার মুকুটসহ বেশকিছু অলঙ্কার নেই এবং দান বাক্স ভাঙা। চোরেরা টিনের চাল হয়ে কাঁচের ভেন্টিলেটর ভেঙে মন্দিরে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে।
চুরি যাওয়া অলঙ্কারের মধ্যে রয়েছে- প্রতিটি চার ভরি ওজনের একটি স্বর্ণের ও একটি রুপার মুকুট, কানের দুল, দুই ভরি ওজনের লকেটসহ চেইন, চার ভরি ওজনের রুপার মুণ্ডমালা এবং চার আনা ওজনের স্বর্ণের লকেট। এছাড়া দান বাক্সে থাকা আনুমানিক ৬০ থেকে ৭০ হাজার টাকাও নিয়ে গেছে চোরেরা।
সানা ভট্টাচার্য্য বলেন, ‘মন্দিরটির বয়স প্রায় ১৫০ বছর। এই দীর্ঘ সময়ে এমন চুরির ঘটনা কখনও ঘটেনি। প্রতিদিন অসংখ্য ভক্ত এখানে প্রণামী দেন। তাই দান বাক্সে টাকার পরিমাণও তুলনামূলক বেশি ছিল। মূল দরজার তালা অক্ষত ছিল। সম্ভবত পেছনের দিক দিয়ে চাল বেয়ে উঠে ভেন্টিলেটর ভেঙে চোর প্রবেশ করেছে।’
কোতোয়ালী থানার ওসি আবদুল করিম জানান, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মন্দিরে সিসি ক্যামেরা না থাকায় চোর শনাক্তে সমস্যা হচ্ছে। তবে মন্দিরের আশপাশে থাকা বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে চোর শনাক্তের চেষ্টা চলছে।’
পতাকানিউজ/আরএস/আরবি

