দেশের প্রথম সোশ্যাল বন্ডে বড় অঙ্কের বিনিয়োগ করে বাংলাদেশের টেকসই অর্থায়নে নতুন মাত্রা যোগ করেছে মেটলাইফ বাংলাদেশ। ব্র্যাক ব্যাংক ইস্যু করা এই সোশ্যাল বন্ডে প্রতিষ্ঠানটি ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে, যা সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই তহবিল ব্যবহার করা হবে নারী উদ্যোক্তাদের ক্ষুদ্র, ছোট ও মাঝারি ব্যবসা (এমএসএমই), সাশ্রয়ী আবাসন, স্বাস্থ্যসেবা, কৃষি খাত, এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও অভিযোজনমূলক প্রকল্পে। অর্থাৎ বিনিয়োগের পুরো অর্থই সমাজে প্রত্যক্ষ ইতিবাচক প্রভাব সৃষ্টির লক্ষ্যে ব্যয় হবে।
ব্র্যাক ব্যাংক ইতোমধ্যেই দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক হিসেবে পরিচিত। দেশি ও আন্তর্জাতিক একাধিক ক্রেডিট রেটিং সংস্থার কাছ থেকে সর্বোচ্চ মানের স্বীকৃতি পাওয়ার পাশাপাশি, পরিবেশ, সমাজ ও সুশাসন (ইএসজি) খাতে উৎকর্ষতার জন্য ব্লুমবার্গ ইএসজি রেটিংসে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে ব্যাংকটি।
অন্যদিকে, প্রায় ১০ লাখ ব্যক্তিগত গ্রাহক ও ৯ শতাধিক করপোরেট ক্লায়েন্ট নিয়ে মেটলাইফ বাংলাদেশ দেশের শীর্ষ জীবন বীমা কোম্পানিগুলোর একটি। সরকারি বন্ডে বড় বিনিয়োগকারীর ভূমিকার পাশাপাশি প্রতিষ্ঠানটি এখন নিরাপদ করপোরেট বন্ডে বিনিয়োগ বাড়িয়ে গ্রাহকদের বীমা পলিসিতে উন্নত রিটার্ন নিশ্চিত করছে। বাংলাদেশে মেটলাইফের মোট বিনিয়োগ বর্তমানে প্রায় ১৯ হাজার কোটি টাকায় পৌঁছেছে।
এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘এই বিনিয়োগ বাংলাদেশের টেকসই উন্নয়নে অংশীদার হওয়ার আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন। ব্র্যাক ব্যাংকের সোশ্যাল বন্ডে যুক্ত হয়ে আমরা দেশের মানুষের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এবং ভবিষ্যৎকে আরও নিরাপদ করতে ভূমিকা রাখতে চাই।’
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের এই অংশীদারিত্বকে দেশের দায়িত্বশীল বিনিয়োগ ও উদ্ভাবনী অর্থায়নের ক্ষেত্রে একটি নতুন দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে, যা ভবিষ্যতে আরও সামাজিক প্রভাবমুখী বিনিয়োগের পথ খুলে দেবে।
-পতাকানিউজ/এসএমআর

