বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সামান্য বৃদ্ধি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৩৯ বিলিয়ন মার্কিন ডলারে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, ২৮ আগস্ট পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩১ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। অর্থাৎ চার দিনের ব্যবধানে রিজার্ভে সামান্য বৃদ্ধি হয়েছে।
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী ২ সেপ্টেম্বর পর্যন্ত রিজার্ভ দাঁড়িয়েছে ২৬ দশমিক ৪০ বিলিয়ন ডলারে। এর আগে ২৮ আগস্ট এ হিসাব ছিল ২৬ দশমিক ৩১ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যা অনুযায়ী, নিট রিজার্ভ গণনায় আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসরণ করা হয়। এই হিসাব করতে গিয়ে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে প্রকৃত বা কার্যকর রিজার্ভ নির্ধারণ করা হয়।
পতাকানিউজ/এনটি

