দেশজুড়ে সহিংসতা ও নাশকতার আশঙ্কায় দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সংস্থার সদর দপ্তর থেকে পাঠানো এক নির্দেশনায় বিমানবন্দরগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো হাউসে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। নতুন নির্দেশনায় তার সঙ্গে যুক্ত হয়েছে আরও কড়া নজরদারি ও তৎপরতা।
চিঠিতে জানানো হয়, দেশের সব বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালু রাখতে হবে। পাশাপাশি বিমানবন্দর এলাকায় টহল কার্যক্রম বাড়াতে ও মনিটরিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বলা হয়েছে। সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার মতো প্রস্তুতিও রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, সব বিমানবন্দরে সর্বাধিকসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করতে হবে। একই সঙ্গে ফায়ার সার্ভেইল্যান্স কার্যক্রম বাড়িয়ে এমন ব্যবস্থা রাখতে হবে, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া সম্ভব হয়।
বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ বলেন, “যাত্রীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এ জন্য সবাইকে সচেতন থাকার পাশাপাশি নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে কাজ করতে বলা হয়েছে। জনস্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে ইতোমধ্যে দেশের সব বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে।”
পতাকানিউজ/এনটি

