দেশের তিন বিভাগ রাজশাহী, খুলনা ও বরিশালের দু’এক জায়গায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় পূর্বাভাসে এ জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলামের সই করা পূর্বাভাসে বলা হয়, সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এসময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সিনপটিক অবস্থার কথা জানিয়ে পূর্বাভাসে জানানো হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপে পরিণত হয়েছে। এটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
আগামীকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এ সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ।
একই ধরনের আবহাওয়া পরিলক্ষিত হবে আগামী বৃহস্পতি ও শুক্রবারও।
এদিকে, সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টি হয়নি। এসময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়, ১২ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চট্টগ্রামের আমবাগানে, ৩৪ ডিগ্রি সেলসিয়াস।
পতাকানিউজ/আরবি

