গ্রিসের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো সুদীপ ঘোষের (৪০) লাশ বাড়িতে এসেছে।
বুধবার, ৩ সেপ্টেম্বর সকাল ৯টার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার রাধানগর ঘোষপাড়ার বাড়িতে পৌঁছায়।
এর আগে মঙ্গলবার রাতে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সুদীপের লাশ দেশে আসে। খবর পেয়ে সকাল থেকেই প্রতিবেশিরা তার বাড়ির সামনে অপেক্ষা করতে থাকেন। বাড়িতে লাশ আসার পর স্বজন ও সুহৃদদের কান্নায় হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে ঘোষপাড়ার বাসিন্দা দুলাল ঘোষ জয় নামে এক যুবক জানান, সুদীপ ২০ আগস্ট মোটর সাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। কাজে যাওয়ার পথে তাকে বহনকারি মোটরসাইকেল একটি খুঁটিতে ধাক্কা লাগলে তিনি প্রাণ হারান। মোটরসাইকেলে থাকা অন্য আরোহীও মারা গেছেন বলে জানান তিনি।

দুলাল ঘোষ আরও জানান, প্রায় এক যুগ আগে সুদীপের বাবা সুকুমার ঘোষ নিখোঁজ হন। বাবার শ্রাদ্ধ করতে বছর দেড়েক আগে সুদীপ সর্বশেষ দেশে আসেন। পরিবারে সুদীপের মা, স্ত্রী, ছোট কন্যা সন্তানসহ কাকার পরিবারের লোকজন রয়েছেন। লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মশাণে তার লাশ দাহ করা হবে।
পতাকানিউজ/এআই

