দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।
রবিবার, ৬ সেপ্টেম্বর সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম স্বর্ণের দাম ২০ হাজার ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি হিসেবে এর দাম দাঁড়ায় প্রায় ২ লাখ ৩৫ হাজার ১৪৭ টাকা।

এছাড়া ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৯ হাজার ২৫৫ টাকা, ১৮ ক্যারেটের ১৬ হাজার ৫৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৩ হাজার ৫০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৩ সেপ্টেম্বর ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৪৯১ টাকা বাড়িয়ে এক লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৬৭৪ টাকা বাড়িয়ে ১ লাখ টাকা ৫৮ হাজার ৯৮০ টাকা নির্ধারণ করা হয়।
এদিকে স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রূপার দাম ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ৩ হাজার ২০৭ টাকা নির্ধারণ করা হয়।
পতাকানিউজ/আরবি

