সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বড় তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পর প্রধান গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই এলাকায় অতিরিক্ত টহল ও নজরদারি জারি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সর্বশেষ শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড ঘটে। এর আগে, চট্টগ্রামের ইপিজেড এবং মিরপুরেও আগুনের ঘটনা ঘটেছিল। বিমানবন্দরে আগুন লাগার পর পুলিশ সদর দপ্তরের মৌখিক নির্দেশে কেপিআই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্ত করা হয়। জেলা পর্যায়ের কর্মকর্তাদেরও নিজ নিজ এলাকায় গুরুত্বপূর্ণ স্থাপনার তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম আজ দুপুরে সাংবাদিকদের বলেন, ‘দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সারা বছরই নিরাপত্তা জোরদার রাখার নির্দেশ থাকে। কেপিআই এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও অন্যান্য সংস্থা একসঙ্গে কাজ করছে।’
সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের ৫৮৭টি স্থাপনাকে কেপিআই হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে বঙ্গভবন, গণভবন, জাতীয় সংসদ, সচিবালয়, বিমানবন্দর, বিদ্যুৎকেন্দ্র ইত্যাদি। ২০১৩ সালের সংশোধিত নীতিমালার মাধ্যমে এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, প্রতিবেদন পাঠানো, সিসিটিভি নজরদারি, যানবাহন ও লাগেজ স্ক্যানার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে এখন থেকে বিশেষ সতর্কতা বজায় রাখা হবে, যাতে অগ্নিকাণ্ড বা অন্য কোনো নিরাপত্তা ঝুঁকি নিয়ন্ত্রণে আনা যায়।
পতাকানিউজ/এনটি

