দেশে পৌঁছানোর পরপরই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনালাপ করেন।
এ সময় তারেক রহমানকে বলতে শোনা যায়, ‘আমাদের সার্বিক নিরাপত্তার জন্য আপনি অনেক ব্যবস্থা নিয়েছেন। আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই।’
এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সংবর্ধনা গ্রহণ করে দুপুর ১২টা ৩৬ মিনিটে বিমানবন্দর ত্যাগ করেন তারেক রহমান। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় বাসে ওঠার আগে তিনি জুতা খুলে মাটিতে পা রাখেন এবং হাতে এক মুঠো মাটি নেন।
এর আগে বিমানবন্দরে তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে স্বাগত জানান বিএনপির শীর্ষ নেতারা। তাদের মধ্যে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন এবং ইকবাল হাসান মাহমুদ টুকু।
পতাকানিউজ/এআই

