বাংলাদেশে মোবাইল ফোনের যাত্রা শুরু হয় নব্বইয়ের দশকের শুরুতে। কিন্তু অপারেটরদের যত্রতত্র টাওয়ার স্থাপন নিয়ে কোনো বিধিনিষেধ ছিলোনা। ফলে যেখানে সেখানে, এমনকি বাসা বাড়ির ছাদেও টাওয়ার স্থাপন করে অপারেটররা – যা পরে উদ্বেগের জন্ম দেয়।
তবে, বাংলাদেশে প্রথমবারের মতো পরিবেশবান্ধব মোবাইল টাওয়ার স্থাপন করা হয়েছে। আর এই টাওয়ার ফাইবার রিইনফোর্সড পলিমার (এফআরপি) দিয়ে তৈরি।
জানা গেছে, অবকাঠামো নির্মাতা প্রতিষ্ঠান ইডটকো (এনহ্যান্সড ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি) টাওয়ারটি স্থাপন করে।
গোপালগঞ্জে স্থাপিত টাওয়ারটি প্রচলিত স্টিলের তুলনায় হালকা, টেকসই এবং অধিক পরিবেশবান্ধব। শুধু তা–ই নয়, দ্রুত স্থাপনযোগ্য টাওয়ারটি প্রতিকূল পরিবেশেও দীর্ঘদিন কাজ করতে পারে।
ইডটকো বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি লিমিটেডের সহযোগিতায় এফআরপি টাওয়ারটি স্থাপন করা হয়েছে। এ ধরনের টাওয়ার তুলনামূলক হালকা হওয়ায় মাত্র পাঁচ থেকে ছয় ঘণ্টার মধ্যেই স্থাপন করা যায়। ফলে দ্রুত সেবা চালু করা সম্ভব।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির সুনীল আইজ্যাক বলেন, এফআরপি টাওয়ারটি শুধু একটি অবকাঠামোগত মাইলফলক নয়, এটি একটি টেকসই, ভবিষ্যৎ টেলিকম ইকোসিস্টেম গড়ে তুলতে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন।
স্টিলের তৈরি প্রচলিত টাওয়ার দ্রুত ক্ষয় হলেও এফআরপি টাওয়ারে মরিচা ধরে না। ফলে উপকূলীয়, আর্দ্র ও শিল্প এলাকাতে এফআরপি টাওয়ার দীর্ঘদিন কার্যক্রম থাকে। বারবার রং করা বা মরিচা প্রতিরোধী প্রলেপ দেওয়ার প্রয়োজন না হওয়ায় এই টাওয়ারের রক্ষণাবেক্ষণ খরচ প্রায় ৪০ শতাংশ পর্যন্ত কম হয়।
পতাকানিউজ/এআই

