বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেকোনো সময় দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার, ৬ ডিসেম্বর রাজধানীর বনানীতে হোটেল সারিনায় সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
আমীর খসরু বলেন, ‘তারেক রহমান সহসাই দেশে ফিরবেন। সব কিছু প্রস্তুত করা হচ্ছে।’
তারেক রহমানই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নেতৃত্ব দেবেন বলেও দাবি করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘তিনি যেকোনো সময় ফিরবেন। যারা না আসার গুঞ্জন ছড়ায় তারা ছড়াবেই।’
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা চলছে।
তিনি বলেন, ডা. জুবাইদা রহমান রাজনীতিতে যুক্ত হবেন কিনা, তা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা সম্পর্কে তিনি বলেন, তার বিদেশ যাত্রা স্বাস্থ্যের ওপর নির্ভরশীল। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, নির্বাচনী জোট ও আসন নিয়ে আলাপ আলোচনা এখনো শেষ হয়নি। সংলাপ-আলাপ আলোচনা সব সময়ই গণতন্ত্রের অংশ। আলোচনা, সংলাপ চলতে হবে। নির্বাচন প্রক্রিয়া চলমান আছে। নির্বাচনের দিকে পুরো জাতি যাচ্ছে।
তিনি আরও বলেন, বেগম জিয়া প্রথম ব্যক্তি যিনি চান গণতন্ত্র ফিরিয়ে আনতে। নির্বাচন হোক। নির্বাচন না হওয়ায় সবাই বিভিন্ন সিদ্ধান্তহীনতায় ভুগছে বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।
পতাকানিউজ/কেএস

