বর্তমানে দেশের মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার, ৩১ আগস্ট রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, ৩১ জুলাই পর্যন্ত যে ভোটার নিবন্ধন হয়েছে, তা নিয়েই আমরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। চূড়ান্তভাবে যে ভোটার লিস্ট করা হয়েছে, সেই অনুযায়ী আমাদের বর্তমান ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
তিনি বলেন, গত ১৪ মে আমি প্রাথমিকভাবে যে হিসাব দিয়েছিলাম, তা থেকে ভোটার সংখ্যা বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন। আমাদের এই মুহূর্তে ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
আখতার আহমেদ বলেন, পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন এবং নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন। এই ভোটার নিয়েই আমরা স্থানীয় সরকার নির্বাচনে যাবো।

স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের সময়সূচি সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার কথা বলেছেন। আমি সেই অনুযায়ী কাজ করছি। নির্বাচনের সিডিউলটা জানতে পারার সাথে সাথে আমি আপনাদের জানিয়ে দেব।
তিনি জানান, ভোটকেন্দ্রের সংখ্যা নির্ভর করছে কোন স্তরের ভোটটা হবে সেটার ওপর। এখনো সেটা ঠিক হয়নি।
পতাকানিউজ/আরবি

