দেশজুড়ে বইতে শুরু করেছে শীতল হাওয়া। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস। এই শীতল আবহাওয়ার মধ্যেই দেশের তিন বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, রবিবার ও সোমবার (১৯-২০ অক্টোবর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও আকাশ আংশিক মেঘলা থাকবে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই অবস্থায় আগামী মঙ্গলবার (২১ অক্টোবর) নাগাদ দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
সপ্তাহের বাকি দিনগুলোর পূর্বাভাস:
মঙ্গলবার (২১ অক্টোবর): চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকবে।
বুধবার (২২ অক্টোবর): সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর): খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় আবারো বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও সতর্ক করে দিয়ে বলেছে, বর্ধিত পাঁচ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
পতাকানিউজ/এনটি

