দেশ গঠনে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব সিগন্যালসের প্রশংসনীয় ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (১০ নভেম্বর) যশোর সেনানিবাসে সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে (এসটিসি অ্যান্ড এস) কোর অব সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান। এ সময় তিনি কোর অব সিগন্যালসের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অধিনায়কদের সঙ্গে মতবিনিময় করেন।
জেনারেল ওয়াকার-উজ-জামান মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী কোর অব সিগন্যালসের সেনানী ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। তিনি বলেন, সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধে ব্রতী থেকে কোর অব সিগন্যালস দেশ গঠনে তাদের গৌরবোজ্জ্বল ভূমিকা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে আর্টডক, এমআইএসটি, ডিজিডিপি, ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়ার জিওসি, সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন সিগন্যাল ইউনিটের অধিনায়করা উপস্থিত ছিলেন।
এর আগে, গত ৯ নভেম্বর এসটিসিএন্ডএসে কোর অব সিগন্যালসের ১১তম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মেজর জেনারেল মো. নাসিম পারভেজ। শহীদ আব্দুল হামিদ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠানে তাকে ‘কর্নেল কমান্ড্যান্ট র্যাংক ব্যাজ’ পরিয়ে দেওয়া হয়।
পতাকানিউজ/এআই

