নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে দুজনের গলাকাটা ছিল।
মঙ্গলবার ২১ এপ্রিল সকাল ৮টায় উপজেলার বাহাদুরপুর গ্রামের একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন- বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), হাবিবুরের স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) ও ৩ বছরের মেয়ে সাদিয়া আক্তার।
নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়ার মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। মান্দার চৌবাড়িয়া হাটে গরু বিক্রি করে গতকাল সোমবার রাত ৮টায় বাড়িতে আসেন। তার কাছে গরু বিক্রির ২ লাখ ৮০ হাজার টাকা ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা টাকা লুটের জন্য তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করেছে। এছাড়া বাড়িতে থাকা স্বর্ণালংকারও লুট করে নিয়ে গেছে।
ওসি মাহবুবুর রহমান বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে বাড়ির কর্তা হাবিবুর ও তাঁর স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তানদের মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতির উদ্দেশ্যে দুর্বৃত্তরা ওই বাড়িতে ঢুকেছিল। পরিচয় প্রকাশ হওয়ার আশঙ্কায় ওই বাড়ির কর্তাসহ পরিবারের অন্য সদস্যদের হত্যা করা হয়।
ওসি আরও বলেন, ‘মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।’
পতাকানিউজ/আরবি

