খাসির মাংসের নাম ভাঙিয়ে সাধারণ মানুষকে কুকুরের মাংস বিক্রি করার অভিযোগ উঠেছে নওগাঁর ধামুরহাট উপজেলায়। অভিযুক্ত মাংস বিক্রেতা এনজাত আলী ও তার সহযোগী দুদু দীর্ঘদিন ধরে এই কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে মুকুন্দপুর এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা বাজারে খাসির মাংস তুলনামূলক কম দামে বিক্রি করায় অনেক ক্রেতা তাদের নিয়ে সন্দেহ প্রকাশ করতেন। এ সময় স্থানীয় কয়েকজনের নজরে আসে, তারা গোপনে একটি কুকুর জবাই করছে। ঘটনা দেখতে গিয়ে তারা দেখেন, অভিযুক্তরা কুকুরকে জবাই করে চামড়া ছাড়ানোর প্রস্তুতি নিচ্ছেন।
এসময় স্থানীয়রা চিৎকার করলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জবাই করা কুকুর এবং মাংস কাটার সরঞ্জাম জব্দ করেছে।
নওগাঁর ধামুরহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ‘অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
-পতাকানিউজ/ এসি

