উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার প্রেরণার উৎস কাজী নজরুল ইসলাম—ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (২৭ আগস্ট) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূলমন্ত্র কাজী নজরুল ইসলামের চেতনা। জুলাই গণঅভ্যুত্থানসহ জাতীয় আন্দোলন-সংগ্রামের অনুপ্রেরণাও ছিলেন এই কবি।’
বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘স্বৈরাচার সরকারের পতন হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। রমজানের আগেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে ১৫ বছরের বঞ্চিত মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে। উন্নয়নতর গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। যা বলে গেছেন কবি। খালেদা জিয়া তারেক রহমান তার চেতনাকে ধারণ করে সংগ্রাম চালিয়ে এসেছেন।’
কবির প্রাসঙ্গিকতা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা কাজী নজরুল ইসলাম। জাতি যখন দিশেহারা হন তখন তার লেখা হয়ে ওঠে আদর্শ। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে ২৪-এর গণঅভ্যুত্থান সবসময়ই কবির লেখা ছিল প্রাসঙ্গিক।’
দিনটিকে ঘিরে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে সংস্কৃতি মন্ত্রণালয়, নজরুল ইনস্টিটিউট, বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠন। শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিভিন্ন হলের শিক্ষার্থীরাও। রাজধানীসহ সারাদেশে কবিকে স্মরণে আয়োজিত হয়েছে নানা কর্মসূচি।
পতাকানিউজ/এনটি

